২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা, সিটি করপোরেশন ঘেরাও করে বিক্ষোভ

“আমাদের প্রতি অবিচার করা হচ্ছে, এমন সিন্ধান্ত কোনোভাবেই মানার মত নয়।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2025, 05:26 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

ময়মনসিংহ নগরীতে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় আন্দোলনে করেছেন শ্রমিকরা। তারা কর্মবিরতির পাশাপাশি জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন।

রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে সিটি করপোরেশনের সামনের সড়ক অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ করেন তারা। এতে নগরজুড়ে দুর্ভোগের সৃষ্টি হয়।

নগরীতে যানজট নিয়ন্ত্রণে ছয়টি রুটে ইজিবাইক চলাচলে নির্দেশনা দেয় সিটি করপোরেশন। সোমবার সকাল থেকে নির্দেশনার কারণে জিলা স্কুল মোড় থেকে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড়, সিকে ঘোষ রোড, দুর্গাবাড়ি রোড এবং স্বদেশী বাজারে ইজিবাইক চলাচল না করায় স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ।

তারা বলছেন, সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তে নগরীতে যানজট কমে আসায় কাজের ‘গতি বেড়েছে’। এটি অব্যাহত থাকলে মানুষের দুর্ভোগ অনেকা কমে যাবে।

অপরদিকে ইজিবাইক চালকরা বলছেন, ইজিবাইক প্রতি ৮ হাজার টাকা খরচ করে তারা লাইসেন্স করার পরেও প্রশাসনের এমন সিদ্ধান্তে যাত্রী পাচ্ছেন না তারা। এতে প্রায় ৮ হাজার ইজিবাইক চালকের পথে বসার উপক্রম হয়েছে। তাই দ্রুত এমন সিদ্ধান্ত তারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

ইজিবাইক চালক রবিউল ইসলাম বলেন, “রাজনীতি নয়; আমরা পেট নীতিতে বিশ্বাসী। আমরা কেনো রাজনীতির শিকার হলাম, কেন আমাদের গাড়ি চলাচল বন্ধ করতে হল। লাইসেন্স দেওয়ার সময় তো এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, বলা হয়নি।

“আমরা মনে করি আমাদের প্রতি অবিচার করা হচ্ছে, এমন সিন্ধান্ত কোনোভাবেই মানার মত নয়।”

আরেক চালক আব্দুল আওয়াল বলেন, “যেসব রুটে আমাদের ঢুকতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেসব রুটে ঢুকতে না পারলে আমাদের গাড়িতে কেউ উঠবে না। আমরা কোনো অন্যায় করছি না, ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছি।”

তিনি বলেন, “একেক জনের আয়ে পরিবারের ৮-১০ জন সদস্য চলে। এই ইনবামের পথ বন্ধ হয়ে গেলে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আমাদের প্রতিনিধিরা জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করছে; আশা করি সুন্দর সমাধান হবে।”

গাঙ্গিনারপাড় এলাকার সোহরাব হাসান বলেন, “আজকে সকাল থেকে নগরীতে ইজিবাইক চলাচল করছে না, এতে চলাচলে অনেকটা স্বস্তি মিললেও বেড়েছে ভাড়া। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিলে সকলের জন্য ভালো হয়।” 

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “যানজট নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় জেলা প্রশাসক ও সিটি করপোরেশ ঘেরাও করে চালকরা আন্দোলন করেছে। সেখানে শৃঙ্খলা ফেরানোর জন্য পুলিশ কাজ করেছে।”

ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, “ইজিবাইক চালকরা আমার কাছে স্মারকলিপি দিয়েছে। যেহেতু বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের সমন্বয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছিল, সেহেতু সেটি পুনর্বিবেচনা করতে আলোচনার প্রয়োজন রয়েছে। আলোচনার পর ব্যবস্থা নেওয়া হবে।”