২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে ফেনীর ২ উপজেলায় বিএনপির কমিটি প্রত্যাখান, বিক্ষোভ

কমিটির বিষয়টি তার জানা নেই বলে ভিডিও বার্তায় দাবি করেন জেলা বিএনপির আহ্বায়ক।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2024, 11:20 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় বিএনপির চারটি ইউনিটের ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখান করেছেন পদবঞ্চিতরা। 

রোববার বিকালে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত চারটি আলাদা বিজ্ঞপ্তিতে সোনাগাজী উপজেলা ও পৌর এবং দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 

ঘোষণার পরপরই কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন বিএনপির একটি অংশের নেতাকর্মীরা। 

যদিও নতুন ঘোষিত কমিটিতে দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীমসহ বিভাগীয় ও কেন্দ্রীয় নেতাদের সায় আছে বলে দাবি করেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।

তিনি বলেন, “তাদের সম্মতিতে আমার স্বাক্ষরিত নতুন ওই চার কমিটি করা হয়েছে।”

তবে এ বিষয়ে জানতে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীমকে একাধিকবার মোবাইলে ও হোয়াটস্ অ্যাপে কল করলেও তার সাড়া মেলেনি।

এদিকে, নতুন দুই উপজেলায় ঘোষিত চারটি ইউনিট কমিটির মধ্যে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন জালাল উদ্দিন বাবলু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন জামাল উদ্দিন সেন্টু, সদস্যসচিব হয়েছেন সৈয়দ আলম ভূঁইয়া। 

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন আকবর হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাহমুদুল হক মাদু ও সদস্যসচিব হয়েছেন কামরুল উদ্দিন। 

সোনাগাজী পৌর বিএনপির নতুন আহ্বায়ক হলেন মনজুর হোসেন বাবর, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ এয়াছিন ওরফে এয়াছিন কমিশনার ও সদস্যসচিব হয়েছেন নিজাম উদ্দিন। 

দাগনভূঞা পৌর বিএনপির আহ্বায়ক হলেন শফিকুর রহমান বাবুল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন কাজী সাইফুল ইসলাম স্বপন ও সদস্যসচিব হয়েছেন হুমায়ুন কবির বাবু।

কমিটির বিষয়ে জানতে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

তবে তিনি এক ভিডিও বার্তায় দুই উপজেলার চার ইউনিটের ঘোষিত কমিটিকে ভূয়া ও অগঠনতান্ত্রিক দাবি করেছেন। 

জেলার আহ্বায়ক হয়েও কমিটির বিষয়টি তার জানা নেই বলে ভিডিও বার্তায় তিনি দাবি করেন। কমিটির কাগজে তার কোনো স্বাক্ষরও নেই।  

এদিকে, ১৯ বছর পর সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর একাংশের নেতারা ‘পকেট কমিটি’ আখ্যায়িত করে তা প্রত্যাখান করে বিক্ষোভ করেছেন।  

উপজেলা বিএনপির একটি অংশের দাবি, ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তি তার ফেইসবুক আইডিতে রোববার বিকালে পোস্ট করেন। কমিটি দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। 

দুটি কমিটিতে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের স্বাক্ষর না থাকা কমিটি গ্রহণযোগ্য নয় বলে ফেইসবুকে মন্তব্য করেছেন। 

কমিটি ঘোষণার পর সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ঘোষিত উপজেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টুর অনুসারী উপজেলা ও পৌর বিএনপির তিন শতাধিক নেতাকর্মী সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন। 

পরে তারা তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে ঘোষিত দুটি কমিটিকে অবৈধ ঘোষণা করে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, সদ্য সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন ওরফে দোলন, পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল মোবারক দুলাল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন ওরফে লণ্ডনি জসিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, যুবদল নেতা রহমত উল্যাহ আজাদ, উপজেলা শ্রমিক দল নেতা হুদা মিয়া, সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ। 

তবে ঘোষিত উপজেলা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, “ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতি করে যাচ্ছি। সবাইকেতো আর পদ দেওয়া যায় না। আমি সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতি করব। পদ না পেয়ে কারও মান-অভিমান থাকতে পারে। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।” 

নতুন সদস্যসচিব সৈয়দ আলম ভুঞা বলেন, “আমার পেশা ও নেশা রাজনীতি। জীবনে অধিকাংশ সময় জাতীয়তাবাদী দলের জন্য দিয়েছি। বাকিটুকুও দিতে চাই। নেতাকর্মীরা আনন্দ মিছিল করতে চেয়েছিলেন। আমরা ফুল ও মিষ্টি বিতরণ কর্মসূচিতে সীমাবদ্ধ ছিলাম।”

সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, “একজনের স্বাক্ষরে ঘোষিত অবৈধ কমিটি আমি ও দলের নেতাকর্মীরা মানে না। আমিও মানি না।”

এদিকে দাগনভূঞা উপজেলায় নতুন কমিটি ঘোষণার পর নবনির্বাচিত আহ্বায়ক আকবর হোসেনের অনুসারীরা বাজারে আনন্দ মিছিল করেছেন। 

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম স্বপনকে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করায় তার অনুসারীরা বসুরহাট সড়কে মিছিল ও বাজি ফোটান।

দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখান করে রোববার বিকাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি অংশ। 

কমিটির বিপক্ষে বিক্ষোভ মিছিলটি দাগনভূঞা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

মিছিলে দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিন্দুরপুর ইউপি সাবেক চেয়ারম্যান কবীর আহমদ পেয়ার, বিএনপি নেতা নুরুল হক, জেলা ছাত্রদল নেতা কাজী জামশেদুল হক ফটিকসহ বিপুল নেতাকর্মী ছিলেন। 

বিক্ষোভকারীরা সদ্য ঘোষিত কমিটির বিপক্ষে বিভিন্ন শ্লোগান দেন এবং জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত কমিটি সম্পূর্ণ অবৈধ ও অগঠনতান্ত্রিক এবং এই কমিটির কোনো বৈধতা নেই বলে দাবি করেন। একইসঙ্গে সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠনের দাবিও জানান তারা।