শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
দুই হাজার ৫৭২টি মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লেসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বুধবার ভোর রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াকাশি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান বিজিবি ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহদী হাসান।
বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির টহল দল সীমান্তে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যান।
পরে সেখান থেকে ভারতীয় দুই হাজার ৫৭২টি মোবাইল ফোনের ডিসপ্লে ও মোটরসাইকেলটি জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মেহদী হাসান বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করেন।
