২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে অগ্নিদগ্ধ নারী চিকিৎসকের লাশ উদ্ধার

প্রেমঘটিত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে; প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হচ্ছে বলে ভাষ্য ওসির।

ময়মনসিংহে অগ্নিদগ্ধ নারী চিকিৎসকের লাশ উদ্ধার
চিকিৎসক অপর্ণা বসাক।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 09:21 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

ময়মনসিংহ নগরীতে ফেইসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর এক নারী চিকিৎসকের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার সকালে নগরীর পণ্ডিতপাড়া এলাকার লাল দাস ভবনের নিচতলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন।

মৃত ২৭ বছর বয়সি অপর্ণা বসাক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে প্রায় এক বছর ধরে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

ওসি মাঈন উদ্দিন বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ওই বাড়ির রান্না ঘরের দরজা ভেঙে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করি। ময়নাতদন্ত শেষে বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি বলেন, “প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীকে উদ্দেশ্য করে ওই নারী ফেইসবুকে পোস্ট দিয়েছেন। আমার তার খোঁজ করছি। বিস্তারিত জেনে পরে জানানো হবে।”

প্রেমঘটিত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে; প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হচ্ছে বলে ভাষ্য ওসির।

এ ঘটনায় ওই নারীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।

প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালের স্বত্বাধিকারী মশিউর আলম চন্দন বলেন, “প্রায় এক বছর ধরে অপর্ণা আমাদের হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। শুনেছি তিনি বাসায় আত্মহত্যা করেছেন। তবে কেন বা কী কারণে এই ঘটনা ঘটেছে, আমার জানা নেই।”