২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে গরুর শিংয়ের গুঁতোয় গৃহবধূর মৃত্যু

ওসি রকিবুল ইসলাম বলেন, এটা একটা দুর্ঘটনা। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2024, 08:13 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ষাঁড়ের শিংয়ের গুঁতোয় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বেলদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান।

নিহত লক্ষ্মী রানি দাস (৫০) দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হীরালাল দাসের স্ত্রী।

পরিবারের বরাতে পুলিশ জানায়, লক্ষ্মী রানি তার বাবার বাড়ি উপজেলার ধলাপাড়া যাওয়ার জন্য বের হন। এ সময় একই এলাকার পাশের বাড়ির একটি ষাঁড় গোয়াল থেকে দড়ি ছিঁড়ে এসে রাস্তায় গৃহবধূকে গুঁতো দেয়।

এতে লক্ষ্মীর মাথা ফেটে যায়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে বিকাল ৩টায় তিনি মারা যান।

ওসি রকিবুল ইসলাম বলেন, এটা একটা দুর্ঘটনা। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।