২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 02:05 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার সকাল ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া এলাকায় সড়কে এ দুর্ঘটনাট ঘটে বলে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন। 

নিহতরা হলেন-টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে অটোরিকশা চালক সাবের মিয়া ওরফে লালু (৩৫) ও একই ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল গ্রামের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে মুনতাহা (১৭)। 

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী নূর মোহাম্মদ বলেন, “দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।”

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন বলে জানান তিনি। 

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কে গতি নিয়ন্ত্রণ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। 

ওসি সাইফুল ইসলাম বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর লাশ নিহতদের লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে।