২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৯ ইটভাটা মালিককে ১৮ লাখ টাকা জরিমানা

পরিবেশ বিধি লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার অভিযোগে এ জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 09:18 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশ বিধি লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার অভিযোগে নয়টি ইটভাটা মালিককে ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার সকাল ১০ থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালিত হয় বলে জানান রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা।

এর মধ্যে উপজেলার শ্যামনাই এলাকার মেসার্স মুন্নি ব্রিকসকে এক লাখ টাকা, বাসাইল এলাকার মেসার্স বাবলু ব্রিকসকে এক লাখ ৬০ হাজার, মোজাফফরপুর এলাকার মেসার্স স্টার ব্রিকসকে এক লাখ ২০ হাজার এবং একই এলাকার মেসার্স নবাব ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া রাজাপুর এলাকার মেসার্স শিমু অরিন ব্রিকস ও কোদলাদিঘর এলাকার মেসার্স হিরো ব্রিকসকে তিন লাখ টাকা করে, সারটিয়া এলাকার মেসার্স এইচ এস ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার টাকা, নিজুড়ী এলাকার মেসার্স আর কে বি ব্রিকসকে তিন লাখ টাকা এবং সেনগাতী এলাকার মেসার্স তালুকদার হাইচয়েজ ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার মাসুদ রানা বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক শাহিন আলম এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।