২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি, গাজীপুরে ৪ ফার্মেসিকে জরিমানা

চার ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 06:51 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

গাজীপুরের কালীগঞ্জ উপজেরায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

উপজেলা প্রশাসন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়।

পরে ‘ওষুধ ও কসমেটিক আইন’ অনুযায়ী যুবরাজ মেডিকেল কর্নারের মালিক তানজির হোসেন আকাশকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

এ ছাড়া ইমার্জেন্সি মেডিকেল কর্নারের মালিক মোজাফর হোসেনকে দুই হাজার, মেডিমার্ট মডেল ফার্মেসির মালিক দুলাল চন্দ্র সরকারকে দুই হাজার এবং ইমন ফার্মেসির মালিক ইমনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারে কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। নিয়মিত নজরদারি ও অভিযান হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ পেতে পারে।