১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পরীক্ষায় অসদুপায়: রাবি সিনেট প্রতিনিধি তালেবকে বহিষ্কার

তাকে এক বছরের জন্য সব ধরনের পরীক্ষা থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষায় অসদুপায়: রাবি সিনেট প্রতিনিধি তালেবকে বহিষ্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেট ছাত্র প্রতিনিধি আকিল বিন তালেব।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 09:21 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেট ছাত্র প্রতিনিধি আকিল বিন তালেবকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান অধ্যাপক হাসনাত কবির।

তিনি বলেন, “কয়েক মাস আগে তার বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংক্রান্ত শৃঙ্খলা কমিটি তাকে এক বছরের জন্য সব ধরনের পরীক্ষা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।”

এ বিষয়ে জানতে আকিল বিন তালেবের মোবাইলে একাধিকবার কল করা হলে বন্ধ পাওয়া যায়।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি আইন বিভাগের মাস্টার্স প্রোগ্রামের ‘ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’ কোর্সের পরীক্ষায় তার বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ ওঠে।

পরীক্ষার শেষ পর্যায়ে কেন্দ্রের ইনভিজিলেটর অধ্যাপক মোর্শেদুল ইসলাম পিটারের সন্দেহ হলে তিনি আকিলের খাতা ও প্রশ্নপত্র পরীক্ষা করেন।

এ সময় তিনি দেখতে পান, আকিল প্রশ্নপত্রের আদলে একটি প্রশ্ন তৈরি করে নিয়ে এসেছিলেন এবং ওই প্রশ্নপত্রে উত্তর কম্পোজ করে লেখা ছিল।

পরে বিষয়টি প্রধান ইনভিজিলেটর অধ্যাপক আব্দুল আলিমকে জানানো হয়। এরপর অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংক্রান্ত শৃঙ্খলা কমিটিতে পাঠানো হয়।

আকিল বিন তালেব রাকসু নির্বাচনে ‘ডামি প্যানেল’ হিসেবে সমালোচিত সালাহউদ্দিন আম্মার ও মেহেদী সজীবের ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে এজিএস পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। পরে তিনি ওই প্যানেল থেকে সরে গিয়ে শুধু সিনেট ছাত্র প্রতিনিধি পদে নির্বাচন করেন।