Published : 19 Jun 2026, 06:27 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর ও তাড়াশ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন- শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর এলাকার শেরখালি গ্রামের বাসিন্দা মো. শাহজালাল এবং তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সদস্য বাবুল শেখ।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর শাহজালালের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দুটি হত্যা এবং শাহজাদপুর থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
বৃহস্পতিবার রাতে পাবনা সদরের শালগড়িয়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
শুক্রবার তাকে শাহজাদপুর চৌকি আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি সাইফুল।
তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ২০১৮ সালের ১২ ডিসেম্বর উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনি পথসভায় অংশ নেন বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। সেই সময় মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর এবং হাতবোমা বিস্ফোরণে বিএনপির নেতাকর্মীরা আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজসহ ৯৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০০ জনকে আসামি করে মামলা করেন। এতে বাবুল শেখকেও আসামি করা হয়।
বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি হাবিবুর রহমান।