কারাগারে পরীক্ষা দিচ্ছেন শাবি শিক্ষার্থী রুদ্র সেন হত্যা মামলার ২ আসামি
সিলেট কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ বলেন, ওই দুই আসামি জামিনের জন্য পরীক্ষার রুটিনসহ আদালতে আবেদন করেন। আদালত শুধু পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন হত্যা মামলার দুই আসামি কারাগারে বসে ‘সেমিস্টার ফাইনাল’ পরীক্ষা দিচ্ছেন।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক মাহাবুব হোসেন বলেন, ২২ অক্টোবর সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত থেকে একটি আদেশ আসে। এতে ওই মামলায় গ্রেপ্তার দুজন শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
পরিচালক বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমতি সাপেক্ষে তাদের পরীক্ষার ব্যবস্থা করে দপ্তর। পরীক্ষার সময় তাদের বিভাগ থেকে দুজন করে পরিদর্শক পরীক্ষা নেওয়ার জন্য কারাগারে যাচ্ছেন।”
কারাগারে বসে পরীক্ষা দেওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আশিকুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত সাহা।
এর মধ্যে অমিত সাহা বৃহস্পতিবার একটি কোর্সের পরীক্ষা দেন।
শিক্ষার্থী আশিকের আগামী সোমবার সেমিস্টার ফাইনালের প্রথম পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।
গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে কয়েক বন্ধুর সঙ্গে খাল পার হতে গিয়ে ডুবে মারা যান রুদ্র সেন।
তিনি কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় দায়ের করা হত্যা মামলার আসামি অমিত সাহা ও আশিকুর রহমান। গত ৮ অক্টোবর তাদের দুজনকে গ্রেপ্তার করে র্যাব ৯।
পরে আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন বলেন, “আইনজীবীর মাধ্যমে ওই দুইজন পরীক্ষার রুটিনসহ জামিনের জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন।
“আদালত শুধু পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে পরীক্ষা নেওয়ার জন্য আদালত থেকে আদেশ দেওয়া হয়। কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।”
তিনি বলেন, “গত বৃহস্পতিবার অমিত সাহার পরীক্ষা নেওয়ার জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে দুজন এসেছিলেন।”
