২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ২৫ জনকে ‘পুশ ইন’

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ১৯ জন এবং কমলগঞ্জ সীমান্ত দিয়ে ছয়জনকে ঠেলে দিয়েছে বিএসএফ।

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ২৫ জনকে ‘পুশ ইন’
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে আসা ছয়জনকে আটক করেছে বিজিবি।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 06:13 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা সীমান্ত দিয়ে আরও ২৫ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। যাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সিন্দুরখান বিওপির কাকমারা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুরসহ ১৯ জন বাংলাদেশে প্রবেশ করে বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, রাস্তাঘাট না চেনায় তারা ওই এলাকার একটি বাড়িতে আশ্রয় নেন। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় নেওয়া হয়।

আটকরা নড়াইল, যশোর ও নোয়াখালীসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে পুরুষ ছয়জন, নারী নয় এবং চারজন শিশু রয়েছে। 

তাদের পরিচয় পুরোপুরি নিশ্চিত হয়ে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানান ওসি আমিনুল ইসলাম।

অপরদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে বিএসএফ ছয়জনকে ‘পুশ ইন’ করেছে বলে জানান ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপির অধীনে থাকা ধলই সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয় বিএসএফ। এ সময় ওই এলাকার চা বাগানের ভেতর ঘোরাঘুরির সময় ধলই ক্যাম্পের কমান্ডার নায়েক প্রদীপ্ত চাকমা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের টহল দল তাদের আটক করেন।

আটকদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী; তারা সাতক্ষীরা ও চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।