২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে ২ যাত্রী নিহত, আহত ৩০

এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 05:00 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুই জনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার সুয়াদি এলাকার ‘সিসিপিএল পেট্রোল পাম্পের’ সামনে এ ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন। 

নিহতদের একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে অপর নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী একটি বাস পথে পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগী বোঝাই একটি পিকআপকে সাইট দিতে গিয়ে চালক ব্রেক করলে বাসটি উল্টে যায়। 

এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়।

অপরদিকে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার কৈডুবী এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঢাকাগামী ‘সাকুরা পরিবহনের’ একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ‘ইউনিক পরিবহনের’ একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। উদ্ধার করা গাড়ি ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।