Published : 12 Jun 2026, 11:44 PM
ভারত থেকে অবৈধভাবে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের জন্য সরকার কাজ করছে বলে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেছেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় ‘পুশইন’ বিষয়টি কূটনৈতিক মাধ্যমে সমাধানের জন্য কাজ করছে। এক্ষেত্রে বিজিবি সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে। ভারতের পাশ থেকে যে ‘পুশইন’ করার চেষ্টা করা হচ্ছে, বিজিবি সেগুলো প্রতিহত করছে।
“এরই মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১২-১৩টি চিঠি দেওয়া হয়েছে দিল্লিতে এই ‘পুশইন’ বন্ধ করার জন্য।”
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ফরিদপুরের সালথা প্রেস ক্লাব উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “যেকোনো দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা রয়েছে। আমরা আশা করব, ভারত সরকার সে নীতিমালা মেনে কাজ করবে। যদি ভারতের কোনো অবৈধ নাগরিক বাংলাদেশে থাকে সেক্ষেত্রে কূটনৈতিক নিয়ম মেনে বাংলাদেশ তাদেরকে ফেরত পাঠাবে।
“রাতের আঁধারে ‘পুশইন’ করা থেকে ভারত সরকার বিরত থাকবে বলে আমরা আশা করি।”
উদ্বোধন অনুষ্ঠানে সালথা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা আসাদ মাতুব্বর।
পরে প্রতিমন্ত্রী সালথা উপজেলা বাজারে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন করেন।