Published : 10 Sep 2026, 01:09 PM
বাবার মৃত্যুর খবর শুনে বাড়ি ফিরছিলেন ছেলে। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তার।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে দুর্ঘটনা ঘটে বলে চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলাম জানান।
নিহত ৪৫ বছর বয়সী নূর আলম জিকু একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে পুলিশ বলছে, জিকুর বাবা বাবা জসিম উদ্দিন বুধবার বিকালে মারা যান। খবর পেয়ে জিকু তার কর্মস্থল মাগুরা থেকে ভায়রা ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথে একটি বালুবোঝাই ট্রাককে পাশ কাটাতে গেলে খানাখন্দে ভরা সড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান জিকু।
এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেলটি পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই জিকুর মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় হাইওয়ে পুলিশ।
চৌড়হাস হাইওয়ে পুলিশের এসআই মহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি যখন ঘটেছে তখন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কটি অন্ধাকার ছিল। ফলে ওই সড়কে চলাচলরত অসংখ্য যানবাহনের মধ্যে কোন যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন, তা তা শনাক্ত করা সম্ভব হয়নি।”
তবে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।