Published : 25 Aug 2026, 04:11 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ট্রাকের ২০০টি যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারত থেকে চোরাই পথে আনা ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, জব্দ করা যন্ত্রাংশের স্থানীয় বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।