২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পাসেই চিকিৎসক, ফার্মেসি মালিককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার ওই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 07:00 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সদন ছাড়া চিকিৎসক পরিচয় দেওয়া এক ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। তিনি এসএসসি পাসের পর আর পড়াশোনা করেননি বলে জানা গেছে।

বুধবার দুপুরে উপজেলার বুধল ইউনিয়নের বুধল বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

জরিমানা পাওয়া মনিন্দ্র দেবনাথ বুধল বাজারের শিল্পী ফার্মেসির মালিক। তার বিরুদ্ধে রোগীকে ব্যবস্থাপত্র দেওয়াসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

ইফতেখারুল আলম বলেন, মনিন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে শিল্পী ফার্মেসিতে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় তাকে আটক করা হয়। আটক মনিন্দ্র এসএসসি পাস। এ ছাড়া তার কাছে চিকিৎসা সেবা দেওয়া সংক্রান্ত কোনও ধরনের কাগজ পাওয়া যায়নি।

ব্যবস্থাপত্র দেওয়াসহ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যাওয়ায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।