বান্দরবানের নাফাকুমে নিখোঁজের দুদিন পর পর্যটকের লাশ উদ্ধার
ঢাকার ডেমরা থেকে ১৭ জনের একদল পর্যটক থানচির নাফাকুম জলপ্রপাতে বেড়াতে যান।
বান্দরবানের থানচি উপজেলার নাফাকুম জলপ্রপাতে নিখোঁজের দুদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল এনে তাকে উদ্ধার করা হয় বলে জানান থানচি থানার ওসি মো. নাছির উদ্দিন।
নিহত পর্যটকের নাম ইকবাল হোসাইন (২৪)। তিনি ঢাকার ডেমরা থানার সারুলিয়া ইউনিয়নের রসুলনগর গামের বাসিন্দা মফিজুর ইসলামের ছেলে।
শুক্রবার ডেমরা থেকে ১৭ জনের একদল পর্যটক থানচির নাফাকুম জলপ্রপাতে বেড়াতে যান। সেখানে গোসলে নেমে ইকবাল নিখোঁজ হন।
ডুবুরি দলের প্রধান রহিদুল ইসলাম বলেন, পর্যটকের মরদেহ গভীর পানির নিচে গুহার ভেতরে আটকে ছিল। তিন ডুবুরি অক্সিজেন নিয়ে পর্যায়ক্রমে কাজ করে আট ঘণ্টায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
থানচি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরুণ বড়ুয়া বলেন, “নাফাকুম জলপ্রপাত পাথুরে ও তীব্র স্রোতপূর্ণ এলাকা। অভিজ্ঞ গাইড ছাড়া সেখানে ভ্রমণ, ছবি তোলা বা গোসল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পর্যটকদের গাইড ছাড়া না যাওয়ার জন্য আমরা বারবার আহ্বান জানাই।”
থানচি গাইড সমিতির সাধারণ সম্পাদক মামুন রশিদ বলেন, “শুনেছি ঢাকার ডেমরা এলাকা থেকে ১৭ সদস্যের একটি পর্যটক দল থানচি ভ্রমণে আসে। প্রশাসনের অনুমতি ছাড়াই তারা নাফাকুম এলাকায় যান।
“তাদের মধ্যে ইকবাল নামে একজন বিকালে গোসল করতে নেমে নিখোঁজ হয়। দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিকভাবে ঘটনা জানা যায়নি।”
গাইড বলেন, “পর্যটন তথ্যকেন্দ্রে সব পর্যটকদের নিবন্ধন করা বাধ্যতামূলক। কিন্তু তারা কোথাও নিবন্ধন করেননি। গাইডও নিয়ে যাননি। ধারণা করা হচ্ছে, থানচি-আলীকদমের ডিম পাহাড় হয়ে তিন্দু থেকে নাফাকুমে গিয়ে থাকতে পারেন তারা।”
থানচি থানার ওসি মো. নাছির উদ্দিন বলেন, এসআই মো. রিয়াজুলসহ পুলিশের ছয় সদস্য মরদেহ নিয়ে থানায় ফিরেছেন। মরদেহটি সোমবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বান্দরবানের পর্যটকদের অন্যতম আকর্ষণ নাফাখুম জলপ্রপাতটি থানচির রেমাক্রি ইউনিয়নে পড়েছে। থানচি সদর থেকে প্রথমে ইঞ্জিনচালিত নৌকায় করে দুই ঘণ্টার পথ পাড়ি দিয়ে রেমাক্রি বাজার যেতে হয়। এরপর সেখান থেকে আবার দুই ঘণ্টা হাঁটার পরই দেখা মেলে নাফাখুম জলপ্রপাতের।
২০২২ সালের শেষের দিকে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ইস্যুকে কেন্দ্র করে এই পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়, যা এখনও বহাল রয়েছে।
আরও পড়ুন:
