২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুকে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যান যুবলীগ নেতা, পরদিন ডোবায় মিলল লাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার ওই যুবলীগ নেতা ইউপি সদস্য ছিলেন।

বুকে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যান যুবলীগ নেতা, পরদিন ডোবায় মিলল লাশ
মৃত কামাল হোসেন দুর্জয় কক্সবাজারের উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 06:33 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

কক্সবাজারের উখিয়া উপজেলায় ডোবা থেকে এক যুবলীগ নেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। যিনি আগের দিন রাতে বুকে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়ে আর ফেরেননি বলে জানান স্বজনরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি আরিফ হোসেন।

মৃত কামাল হোসেন দুর্জয় (৪০) জালিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি একই এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে।

এ ছাগা দুর্জয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

দুর্জয়ের ছোট ভাই সাহাব উদ্দিন বলেন, সোমবার রাত ১০টার পর বুকে ব্যথা নিয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে যান দুর্জয়। সেখান থেকে বাসার পথে ওই চিকিৎসা তাকে এগিয়েও দেন। এরপর আর কেউ কিছু জানে না।

তিনি বলেন, “রাত থেকে ভাইয়ের মোবাইল নম্বর বন্ধ পেয়ে সকালে ফেইসবুকে পোস্ট করে তার সন্ধান চাওয়া হয়। যেহেতু তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাই গ্রেপ্তার হয়েছেন কি-না ধারণা করি আমরা।”

ওসি আরিফ হোসেন বলেন, দুপুর ১২টার দিকে স্থানীয়রা ডোবায় লাশ দেখে দুর্জয়কে শনাক্ত করেন। পরে তার পরিবারকে খবর দেওয়া হয়। 

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।