২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ‘ওষুধ মনে করে কীটনাশক পান’, কিশোরীর মৃত্যু

হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে বলে জরুরি বিভাগের চিকিৎসক জানান।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2024, 08:53 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঠান্ডা-জ্বরের ওষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক পানে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে থাকা মেয়েটির মা বিউটি বেগম জানান।

নিহত মারিয়া (১৪) ওই এলাকার কামাল হোসেনের মেয়ে। কামালের দুই মেয়ের মধ্যে মারিয়া বড়। সে নাওড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

বিউটি বেগম বলেন, তার মেয়ে ঠান্ডা জ্বরে অসুস্থ ছিল। সকাল ৮টার দিকে জ্বরের ওষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। স্বজনরা এক অটোরিকশা চালকের সহযোগিতায় দুপুর ১২টার দিকে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে বলে জরুরি বিভাগের চিকিৎসক জানান।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, “এ বিষয়ে আমরা মতলব উত্তর থানাকে জানিয়েছে।”

মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, “হাসপাতাল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আইনি ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”