বাড়ি থেকে গিয়েছিলেন বাজারে, খাল পাড়ে মিলল ব্যবসায়ীর লাশ
নেত্রকোণা জেলায় ১২ ঘণ্টার ব্যবধানে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করল।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার সাঁতারখালি খাল পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান।
নিহত তারা মিয়া (৬৯) উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করেতেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকালে বাড়ি থেকে মালামাল নিয়ে বিক্রির জন্য বাঁশাটি বাজারে যান তারা মিয়া। রাত ৮টা-৯টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি।
স্বজনরা রাতভর খোঁজাখুজি করেন। সকালে খালপাড়ে তারা মিয়ার লাশ দেখে মানুষ পুলিশে খবর দেয়।
তারা মিয়ার ভাই সোলেমান মিয়া জানান, তার ভাইয়ের সঙ্গে কারো শত্রুতা ছিল না। কে বা কারা তাকে হত্যা করেছে তা ধারণা করতে পারছে না পরিবার। লাশের চোখ-মুখ ও কানে জখমের চিহ্ন রয়েছে।
সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পাশিাপাশি পিবিআইয়ের সদস্যরাও তদন্ত শুরু করেছেন।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান সহকারী পুলিশ সুপার।
এর আগে শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণা শহরের আরামবাগ এলাকায় নিজ বাসা থেকে মাজেদা বেগম (৬৩) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবারের সদস্যদের দাবি, তাকে হত্যার পর লাশ বিছানায় ফেলে রেখে গেছে হত্যাকারীরা।
এ নিয়ে জেলায় ১২ ঘণ্টার ব্যবধানে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করল।
