২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৪২ জনকে ‘পুশ ইন’

পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে ১৭ জন, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৫ এবং নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ।

তিন জেলার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৪২ জনকে ‘পুশ ইন’
প্রতীকী ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 06:20 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে ১৭ জন, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৫ এবং নওগাঁর ধামইরহাট উপজেলা সীমান্ত দিয়ে ১০ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।

পঞ্চগড়

পঞ্চগড় সদর সীমান্ত দিয়ে ১০ জন এবং তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ করা সাত বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া এবং তেতুঁলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয় বলে জানান নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ।

দুপুরে ১০ জনকে সদর থানায় এবং সাতজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করেছে বিজিবি।

বিজিবি জানায়, আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের উড়িষ্যা, মহারাষ্ট্রসহ বিভিন্ন স্থান থেকে আটক করে। পরে বিমানে করে তাদের শিলিগুড়ি নিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ তাদের সীমান্তে এনে ‘পুশ ইন’ করেন।

বাঙ্গালপাড়া সীমান্ত এলাকা থেকে আটকরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার জয়দেবপুর উত্তর দেওলি গ্রামের শের আলীর ছেলে ইয়াসিন আলী (৩৫), একই এলাকার নিসন্দপুর ঘাসখালি এলাকার অলিউর হোসেনের মেয়ে নুরবানু খাতুন (৩৫), নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ খড়েরবাড়ি এলাকার আবু বক্করের মেয়ে জেমি খাতুন (২৩), নরসিংদীর মাধবদী উপজেলার বড়চাপা পাইকান এলাকার বাচ্চু মিঞার মেয়ে শিখা আক্তার (৩৬), সিলেটের কানাইঘাট উপজেলার শিবনগর গ্রামের তসিমুল হকের মেয়ে জেরিন বেগম (২৩), যশোরের বেনাপোল উপজেলার উত্তর কাগজপুকুর গ্রামের আমির সরদারের মেয়ে শাহাররুন খাতুন (৪০), বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের দক্ষিণ হারতা গ্রামের মিজানুর রহমানের মেয়ে হাফসা আক্তার (২০), কক্সবাজারের বন্দরপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে রোমানা আক্তার (২০), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কোনাবাড়ী এলাকার নওয়াব আলী শেখের মেয়ে ময়না খাতুন (২২) এবং খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার কাবথোলি উত্তর হাচিনপুর এলাকার আলী নেওয়াজের মেয়ে আছিয়া আক্তার (২৩)।

তেঁতুলিয়ার ভজনপুর সীমান্ত থেকে আটকরা হলেন- ফরিদপুরের সালতা উপজেলার ফুলবাড়িয়া খরের কান্দি এলাকার শাহাজাহান মোল্লার ছেলে জুনাইদ হোসেন (৩০), নগরকান্দা উপজেলার কাজলিয়া দেলবাড়িয়া এলাকার সোলেমান মিঞার ছেলে শাহীন মিঞা (৪৫), একই উপজেলার পোড়াদিয়া মদ্যকিচাহল এলাকার আয়ুব মিঞার ছেলে নয়ন মিঞা (৩৮), ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুকনি গ্রামের হারুন সর্দারের ছেলে সাইফুল সর্দার (৩৪), নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুল লতিবের ছেলে নুর মোহাম্মদ (৪৬), সিলেটের কানাইঘাট উপজেলার রহিমা মাদ্রাসা বাটিবারাপাইত এলাকার ফোয়াজ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), হবিগঞ্জের আজমীরগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফয়সাল আলিম (২৬)।

মেজর আসিফ আহমদ বলেন, অবৈধভাবে ভারতে যাওয়া ১৭ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। আটকের পর তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করে থানায় হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান এবং তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া জানান, আটকদের শেল্টার হোমে রাখা হয়েছে। আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। 

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ফেরত আসারা বিভিন্ন সময় অবৈধপথে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে ভাষ্য বিজিবির।

বৃহস্পতিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর বিএসএফ তাদের হস্তান্তর করে বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী। 

ফেরত আসাদের মধ্যে চারজন পুরুষ, চারজন মহিলা ও সাতজন শিশু-কিশোর। তাদের মধ্যে একজন গাজীপুর এবং বাকিরা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। 

বিজিবি জানায়, অবৈধপথে ভারতে গিয়ে তারা বিভিন্ন কাজ করছিলেন। সম্প্রতি ভারতের হরিয়ানা রাজ্য থেকে তাদের আটক করে দেশটির পুলিশ। সেখান থেকে তাদের সীমান্ত এলাকায় এনে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরে ওই ১৫ বাংলাদেশির কথা বিজিবিকে জানায় বিএসএফ।

বিজিবি যাচাই-বাছাইয়ে ওই ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায়।

দুপুরে পতাকা বৈঠকে বাংলাদেশর পক্ষে চুয়াডাঙ্গার-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং ভারতের পক্ষে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার উপস্থিত ছিলেন। 

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, বিজিবি ১৫ জনকে হস্তান্তর করেছে। তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে।

নওগাঁ 

নওগাঁর ধামইরহাট উপজেলা সীমান্ত দিয়ে ১০ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং আটজন নারী।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্তের মহেষপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটকরা হলেন- আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬) এবং সুমন হোসেন (২৭)। 

তারা নড়াইল, কিশোরগঞ্জ, ঢাকা ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছে বিজিবি।

কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ওই ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করেন।

বিজিবি জানায়, তারা বিভিন্ন সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে মুম্বাই শহরে দুইজন পুরুষ রাজমিস্ত্রী এবং আটজন মহিলা বাসা-বাড়িতে কাজ করতেন। সেখান থেকে তাদেরকে ভারতীয় পুলিশ আটক করে। মঙ্গলবার ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের নিকট তাদের হস্তান্তর করে দেশটির পুলিশ।

সেখান থেকে বৃহস্পতিবার ভোররাতে সীমান্ত পিলার ২৫৬/৭ এস এর কাছ দিয়ে তাদের বাংলাদেশে ‘পুশ ইন’ করলে আটক করে বিজিবি।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল ইকবাল হোসেন।