ফরিদপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু
ভাঙ্গাগামী মোটরসাইকেলটিকে অতিক্রম করতে গিয়ে অজ্ঞাত একটি পরিবহন দুই আরোহীকে চাপা দেয় বলে জানায় পুলিশ।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে উপজেলার নওপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. হাবিবুর রহমান।
নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪৫) এবং চরভদ্রাসন উপজেলা সদর এলাকার খলাবাড়ীর বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ (৫০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফরিদপুর থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে ভাঙ্গায় যাচ্ছিলেন। পথে একটি পরিবহন মোটরসাইকেলটিকে অতিক্রম করতে গিয়ে দুই আরোহীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে একজন এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই হাবিবুর রহমান।
