২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জ্বালানি তেলের তীব্র সংকট, খোলা বাজারে মিলছে চড়া দামে

এ জেলায় দৈনিক চার লাখ লিটার চাহিদার বিপরীতে মাত্র ৫০ হাজার লিটার সরবরাহ হচ্ছে বলে দাবি ফুয়েল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 05:11 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

কুড়িগ্রামে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলা পাম্পগুলোতে ডিজেল পাওয়া গেলেও বেশিরভাগ ক্ষেত্রে মিলছে না পেট্রোল ও অকটেন। তবে খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এ তেল। এতে ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। 

ফুয়েল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়মিত সরবরাহের কারণে জেলার ২০টি ফিলিং স্টেশনে তেলের সংকট দেখা দিয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। 

ঈদের আগে থেকেই অধিকাংশ পাম্প তেলশূন্য হয়ে পড়েছে বলে দাবি কুড়িগ্রাম ফুয়েল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা পিন্টু সাহা। আর ঈদের ছুটিতে সরবরাহ সাময়িক বন্ধ থাকায় সংকট আরও চরম আকার ধারণ করেছে বলে জানান তিনি।

চাহিদা অনুযায়ী বরাদ্দ চেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়ার কথা বলেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

খোঁজ নিয়ে জানা গেছে, জ্বালানি তেল সরবরাহকারী পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী ডিলারদের তেল সরবরাহ করতে পারছে না। ফিলিং স্টেশনে ডিজেল পাওয়া গেলেও পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। 

জেলার ২০টি পেট্রোল পাম্পে দৈনিক চার লাখ লিটার চাহিদার বিপরীতে ৫০ হাজার লিটারের কাছাকাছি সরবরাহ করছে প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ চাহিদার আট ভাগের এক ভাগ সরবরাহ করা হচ্ছে; যা সংকটের প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা। 

অন্যদিকে ঈদের ছুটিতে সরবরাহ সাময়িক বন্ধ থাকার কারণে সংকট আরও বেড়ে গেছে। এ অবস্থায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

শহরের খলিলগঞ্জের এস এস ফিলিং স্টেশনের পরিচালক জামান কাজল বলেন, “জেলার ২০টি ফিলিং স্টেশনের দৈনিক চাহিদার আটভাগের একভাগও পূরণ হচ্ছে না। এ কারণে জ্বালানি সংকট দূর হচ্ছে না। 

“প্রতিদিনই ক্রেতাদের সঙ্গে পাম্পগুলোতে ঝামেলা তৈরি হচ্ছে। এ বিষয়ে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।”

জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি পাচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রে ১০০ টাকার বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না, তাও সব স্টেশনে পাওয়া যাচ্ছে না।

মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম, এরশাদ হোসেন, স্বপন, রুবেল আহমেদ, রাশেদুল, আকবর আলীসহ অনেকেই বলছেন, চলমান সংকটে বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে ঘুরে ৪ থেকে ৫ ঘণ্টা অপেক্ষা করে দুই থেকে তিনশ টাকার পেট্রোল পাওয়া যায়। সেটাও প্রতিদিন নয়। এতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম।

কয়েকটি ফিলিং স্টেশন সীমিত পরিসরে পেট্রোল ও ডিজেল বিক্রি চালু রাখলেও অধিকাংশ ফিলিং স্টেশন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যানবাহন ব্যবসায়ীরা। আবার সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় যাত্রীসেবাও বিঘ্ন ঘটছে।

এদিকে জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু তেল মজুদ করে খোলাবাজারে চড়া দামে বিক্রি করছেন বলে অভিযোগ চালকদের।

মোটরসাইকেল চালক সালমান বলেন, “কোনও পাম্পে তেল পাচ্ছি না। যেখানেই যাচ্ছি বলছে, তেল নাই। তাহলে আমরা কোথায় যাব?”

তিনি অভিযোগ করে বলেন, “সংকটের মধ্যেও বিভিন্ন হাট বাজার ও রাস্তার মোড়ে বোতলে করে ১৫০ টাকা লিটার দরে পেট্রোল বিক্রি হচ্ছে।”

ফুয়েল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা পিন্টু সাহা বলেন, জেলায় অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেই বললেই চলে। ঈদের আগেই অধিকাংশ পাম্প তেলশূন্য হয়ে পড়ে। এ অবস্থায় ফিলিং স্টেশনগুলোতে রশি টেনে সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সংকট কাটাতে প্রশাসনকেই উদ্যোগ নিতে হবে। 

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ইউএনওদের নেতৃত্বে পর্যবেক্ষক দল বিভিন্ন ফিলিং স্টেশন নিয়মিত পরিদর্শন করছেন। সার্বিকভাবে কঠোর নজরদারিতে রয়েছে সব বিক্রয়কেন্দ্র। 

জ্বালানি সংকট দূর করতে চেষ্টা চলছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, চাহিদা অনুযায়ী বরাদ্দ চেয়ে পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া পেট্রোল পাম্পগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।