২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুফি দরবার-মাজার-আখড়ায় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদ নরসিংদীতে

মানববন্ধন শেষে সুফি সাধকদের দরবার, মাজার, খানকা শরীফের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

সারাদেশে সুফি দরবার, মাজার ও আখড়ায় হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে বিশ্ব সুফি সংস্থার জেলা শাখা।

এতে জেলার ছয়টি উপজেলার সুফি দরবার শরীফ, মাজার ও আখড়ার আশেক-ভক্তরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি নরসিংদী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সুফি দরবার শরীফ, মাজার ও আখড়ায় হামলা লুটপাট ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

এ ছাড়া নরসিংদীর পলাশ, রায়পুরা, শিবপুর ও মনোহরদীর বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

মানবন্ধনে বক্তব্য দেন, গ্লোবাল সুফি অর্গানাইজেশনের কেন্দ্রীয় সমন্বয়ক মুখলেসুর রহমানসহ জেলার বিভিন্ন মাজার ও দরবার শরীফ কমিটির, সভাপতি, সাধারণ সম্পাদকসহ খাদেমরা।

মানববন্ধন শেষে সুফি সাধকদের প্রতিষ্ঠিত সব দরবার, মাজার, খানকা শরীফ ও আস্তানার নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।