রংপুর-৪: আবার ভোটের দাবিতে হারাগাছে বিএনপির সড়ক অবরোধ
এতে হারাগাছ-রংপুর সড়কে যানচলাচল বন্ধ এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
রংপুর-৪ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবিতে হারাগাছ এলাকায় সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্কে লোকজন দোকানপাট বন্ধ রেখেছেন।
শুক্রবার বিকাল ৪টা থেকে এ আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসার সমর্থক ও নেতাকর্মীরা হারাগাছ বাজার এলাকায় জড়ো হয়ে প্রধান সড়কে অবস্থান নেয়।
এতে হারাগাছ-রংপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে জানতে চাইলে হারাগাছা থানার ওসি অশোক চৌহান বলেন, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই।
বৃহস্পতিবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির এমদাদুল হক ভরসাকে হারিয়ে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
এ আসনে আখতার হোসেন শাপলা কলি প্রতীকে পেয়েছেন এক লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।
বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচনে অনিয়ম ও কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। তারা দ্রুত পুনরায় ভোটগ্রহণের ঘোষণা দেওয়ার দাবি জানান।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে রাতে হারাগাছের বাসায় সাংবাদিক সম্মেলন করে এমদাদুল হক ভরসা অভিযোগ করেন, “ভোট কারচুপি করা হয়েছে। আমি অনেক ভোটে জেতা ছিলাম। পুনরায় ভোট গণনা হলে আমি জিতব।
তিনি বলেন, “ভোটের দিন প্রশাসনের লোকজন আমার সাথে বেইমানি করেছে।”
