টাঙ্গাইলে তিন গাড়ির সংঘর্ষে মাহিন্দ্রার ২ যাত্রী নিহত
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান, মাহিন্দ্রা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মধুপুর থানার অরনখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র।
নিহতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কেচুয়া বাজার এলাকার বেল্লাল হোসেনের স্ত্রী লাইলী বেগম (৬০) এবং কাশিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৮)।
তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তারা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ব্যাটারিচালিত একটি ভ্যান, একটি মাহিন্দ্রা এবং একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া মাহিন্দ্রার দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ সময় অন্তত ১০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এসআই বিমল চন্দ্র বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
