২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাখির নিরাপদ আশ্রয়ে টাঙ্গাইলে গাছে গাছে মাটির হাঁড়ি

শহরের পৌর উদ্যান ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক গাছে পাখির নিরাপদ আশ্রয় তৈরি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 08:23 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

পাখির নিরাপদ আশ্রয়ে টাঙ্গাইলে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার দুপুরে ‘বাতিঘর আদর্শ পাঠাগারের’ উদ্যোগে শহরের পৌর উদ্যান ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক গাছে এই নিরাপদ আশ্রয় তৈরি করে দেয় সংগঠনের কর্মীরা। 

‘পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদের রক্ষায় এগিয়ে আসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান।

তিনি জানান, বইপাঠ কার্যক্রমের পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের সুরক্ষায় প্রতিবছর সংগঠনের উদ্যোগে এলাকায় বৃক্ষরোপণ করা হয়। পাখিদের জন্য স্থাপন করা এই মাটির হাঁড়ি ঝড়-বৃষ্টি ও শীত থেকে সুরক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে সহায়ক ভূমিকা পালন করবে।

এই কার্যক্রম ধীরে ধীরে পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে; যা পাখিপ্রেমীদের উৎসাহিত করবে বলে জানান তিনি।

এ কার্যক্রমে বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য শামীম আল মামুন, মনসুর হেলাল, সাজ্জাদ হোসেন, মো. জাহিদ হাসান, রাকিব হোসেন, শহীদ ইসলাম ও শামীম-শাহীন বিজ্ঞান অ্যাকাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাস স্ট্যান্ড ও স্টেশনে অণু পাঠাগার স্থাপনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।