০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় মোটরসাইকেল নিয়ে ‘ডাকাতির’ সময় আটক ৩

মাহবুবের মোটরসাইকেলে থাকা যাত্রীর চিৎকারে স্থানীয় জনগণের পাশাপাশি পুলিশ এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 04:23 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

নওগাঁর রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল নিয়ে ডাকাতি করার চেষ্টার সময় তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় আরও পাঁচজন পালিয়ে গেছে। 

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গোনা মোড় এলাকার সড়ক থেকে জনগণের সহযোগিতায় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন  থানার ওসি জাকারিয়া মণ্ডল। 

আটকরা হলেন, নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের ফিরোজ মণ্ডলের ছেলে সানা মণ্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বি হাসান (১৯)।

ওসি জাকারিয়া বলেন, শুক্রবার রাতে গোনা এলাকার মাহবুব তার মোটরসাইকেল নিয়ে রাণীনগর-আত্রাইগামী আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছামাত্র পিছন থেকে তিনটি মোটরসাইকেলে ৮জন তাদের ধাওয়া করে। তবে মাহবুবের মোটরসাইকেলে থাকা যাত্রীর চিৎকারে স্থানীয় জনগণের পাশাপাশি পুলিশ এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

পরে ধাওয়া দিয়ে উপজেলার খট্রেশ্বর নামক জায়গা থেকে জনগণের সহযোগিতায় একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। অন্য দুই মোটরসাইকেল নিয়ে আরও পাঁচ ডাকাত পালিয়ে গেছে।

ওসি বলেন, “তারা মূলত ডাকাতি করার উদ্দেশ্যেই এসেছিল। চালক মাহবুবকে ধরতে পারলে মারপিট করে তার মোটরসাইকেলটি ডাকাতি করে নিয়ে যেত।” 

গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পালিয়ে যাওয়াদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি জাকারিয়া।