কক্সবাজারে গোলাগুলির পর ‘আরসার শীর্ষ কমান্ডার’ আটক
“উদ্ধার করা অস্ত্র ও গুলি সে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আরসা কমান্ডার জিয়াউর রহমানের কাছে নিয়ে যাচ্ছিল। “
কক্সবাজারের উখিয়া উপজেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএনের সঙ্গে গোলাগুলির পর আরসার এক ‘শীর্ষ কমান্ডার’ আটক হয়েছে।
উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে শনিবার গভীর রাতে এ অভিযান চালানো হয় বলে ৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি ) মোহাম্মদ ইকবাল জানান।
আটক ২৬ বছর বয়সী মোহাম্মদ ইলিয়াস উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ সাব ব্লকের হাসান আহমদের ছেলে।
এডিআইজি ইকবাল বলেন, “উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন এ-ব্লকের কবরস্থানের পাশে অস্ত্রধারী ব্যক্তিরা অপরাধ সংঘটনের উদ্দ্যেশে অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
“এ সময় এপিবিএন সদস্যদের লক্ষ্য করে অস্ত্রধারীরা অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার জন্য তারাও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় আরসা’র এক শীর্ষ কমান্ডার ইলিয়াসকে এপিবিএনের সদস্যরা আটক করে।”
এ সময় তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে দুটি বিদেশি জি-৩ রাইফেল এবং ৫০টি গুলি উদ্ধারের খবরও জানান এপিবিএনের এ কর্মকর্তা।
তিনি বলেন, “আটক যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে আরসা’র সক্রিয় সদস্য। উদ্ধার করা অস্ত্র ও গুলি সে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আরসা কমান্ডার জিয়াউর রহমানের কাছে নিয়ে যাচ্ছিল।”
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এডিআইজি মোহাম্মদ ইকবাল।
