২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল-৩: জাতীয় পার্টির তিন প্রার্থীই বৈধ হলেন

রোববার বরিশালের রিটানিং কর্মকর্তা তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা কর

বরিশাল-৩: জাতীয় পার্টির তিন প্রার্থীই বৈধ হলেন
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন তাপস।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 08:26 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

বরিশাল-৩ (বাবুগঞ্জ, মুলাদী) আসনে জাতীয় পার্টির তিন নেতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

দলের নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত জটিলতায় অনেক স্থানে প্রার্থীদের অবৈধ ঘোষণার মধ্যে রোববার জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

তারা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল হোসেন তাপস এবং জাতীয় পার্টির একটি অংশের জোট এনডিএফের ফকরুল আহসান শাহজাদা।

এ বিষয়ে ইকবাল হোসেন তাপস বলেন, “গোলাম কিবরিয়া টিপু জেলে রয়েছেন। তাই আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। দুজনের মধ্যে একজন নির্বাচন করব। সমঝোতা হবে। দলীয় হাইকমান্ড সিদ্ধান্ত দেবে, কে নির্বাচন করবেন। যিনি লাঙ্গল পাবেন, তিনিই নির্বাচন করবেন।”

জাতীয় পার্টির বরিশাল জেলার আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল বলেন, “আমাদের দুই প্রার্থী। গোলাম কিবরিয়া টিপু ওই আসনের একাধিকবারের সংসদ সদস্য। তিনি জেলে থাকার কারণে যদি বাদ পড়েন, বিকল্প হিসেবে ইকবাল হোসেন তাপসকে রাখা হয়েছে। এখন হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রার্থী থাকবে। আমাদের মধ্যে বিভেদ নেই। একজন মনোনয়ন ফরম প্রত্যাহার করবেন।” 

তিনি বলেন, “ফকরুল আহসান শাহজাদা এনডিএফের প্রার্থী; এই সিদ্ধান্ত তারা নেবেন।”

এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, “দল থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন সংগ্রহের অনুমতি দিতে পারে। কিন্তু প্রতীক একজনকে বরাদ্দ দেবে। বিষয়টি চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে। যে কমিশনকে প্রতীক বরাদ্দের চিঠি দেবে, তার অনুকূলে প্রতীক দেওয়া হবে। অন্যদের মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। তারা চাইলেও স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না।”