২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ভটভটি, ২ গরু ব্যবসায়ী নিহত

আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 06:16 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। 

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার টিএলবি সড়কের সাংশাইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিয়ামতপুর থানার ওসি আল মাহমুদ জানান। 

নিহতরা হলেন- উপজেলার দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) এবং একই উপজেলার বনগাঁপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮)।

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরের অবস্থার অবনতি হলে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

স্থানীয়দের বরাতে ওসি আল মাহমুদ বলেন, দুপুরের দিকে শ্যালো মেশিনচালিত ভটভটি নিয়ে গরু কেনার উদ্দেশে উপজেলার ছাতড়া গরুর হাটে যাচ্ছিলেন তারা। 

“পথের মধ্যে সাংশাইল ব্রিজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় ভটভটিটি। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে শরিফ এবং শামীমের মৃত্যু হয়। আহত হন আরও সাতজন।” 

ওসি বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ছাড়া পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।