২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আবু সাঈদের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি স্বাধীন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 01:23 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাত ১টার দিকে নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রংপুর মহানগর কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান। 

গ্রেপ্তার শফিউর রহমান স্বাধীন শহরের কামারপাড়া এলাকার বাসিন্দা।

ওসি আতাউর বলেন, ছাত্র রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় অনিয়ম করে সহকারি স্টেশন মাস্টার পদে চাকরিতে ঢোকেন স্বাধীন। গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ৫ অগাস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।”

মামলার বরাতে তিনি আরও বলেন, “ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই নগরীর টাউনহল এলাকা থেকে মিছিল নিয়ে কাছারি বাজারের দিকে যাওয়ার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা ও গুলি ছুড়তে থাকেন। হামলায় অনেকের আহতের সঙ্গে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন আবু সাঈদ।”

আতাউর বলেন,  এ ঘটনায় সাঈদ ৭ নভেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় আরও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়।

মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।