পিরোজপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ৬ জনের যাবজ্জীবন
যাবজ্জীবনপ্রাপ্ত ছয় জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
পিরোজপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান ১১ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন বলে অতিরিক্ত পবলিক প্রসিকিউটর মো. ওয়ালিদ হাসান বাবু জানান।
এ ছাড়া রায়ে এক জনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হ্যাপী বেগম (২৮), লিমা বেগম (২০)।
দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম এমরান (২৮)। তারা সবাই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন বলে অতিরিক্ত পবলিক প্রসিকিউটর মো. ওয়ালিদ হাসান বাবু জানিয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় ব্যবসায়ী আবুল কালাম শরীফের সঙ্গে আসামিদের পূর্ব শত্রুতা ছিল। এর জেরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে তারা একত্রিত হয়ে শরীফকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে আহত করে।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই হাকিম শরীফ পরদিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন।
ওয়ালিদ হাসান বাবু বলেন, যাবজ্জীবনপ্রাপ্ত ছয় জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া দুই বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে দুই হাজার টাকা জরিমান অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
