বৈষম্যবিরোধী আন্দোলন: নিহত ছাত্রদল নেতার জানাজায় উপদেষ্টা আসিফ
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমও উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা আল মামুন আমানতের জানাজায় অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার রাত ৯টায় শহরের চাষাঢ়ায় নবাব সলিমউল্লাহ সড়কে অনুষ্ঠিত জানাজায় তিনি অংশ নেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমও ছিলেন।
ফতুল্লার জালকুড়ি এলাকার বাসিন্দা ৪১ বছর বয়সি আল মামুন আমানত নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে কলেজটির সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান কাউন্সিলর আবুল কাউসার আশা জানান।
জানাজায় অংশ নিয়ে আমানতকে স্মরণ করে আসিফ মাহমুদ বলেন, “পার্থিব জগতে আমার ভাইয়ের শূন্যস্থান পূরণের মত সামর্থ্য আমাদের কারো নেই। সৃষ্টিকর্তা যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন।”
সারা বাংলাদেশের সব ছাত্র-জনতা আমানতের পরিবারের সঙ্গে আছে বলেও তিনি মন্তব্য করেন।
জানাজার নামাজের আগে শহীদ মিনারে আসিফ মাহমুদ ছাত্র-জনতার উদ্দেশে বলেন, “আপনারা যদি এগিয়ে না আসতেন, আমাদের ভাইয়েরা-বোনেরা যদি এগিয়ে না আসত, তাহলে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সবশেষে ফ্যাসিস্ট সরকারের পতন হত না। নারায়ণগঞ্জের চাষাঢ়া কিংবা যাত্রাবাড়ী, সায়েদাবাদ এলাকায় মানুষের যে অংশগ্রহণ, জনস্রোত ছিল, তা আমাদের বিজয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।”
আমানতের জানাজায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা অংশ নেন।
নিহতের স্বজনরা জানান, আল মামুন আমানত একটি পোশাক কারখানার শ্রমিকের কাজ করতেন।
গত ৫ অগাস্ট পরিবারের কাউকে না জানিয়ে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যান তিনি। ওইদিন বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
গত ১৪ অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহটি শনাক্ত করেন স্বজনরা।
নিহতের স্ত্রী হাসিনা মমতাজ বলেন, “গত ৫ তারিখ গুলিবিদ্ধ হন আমানত। তার শরীরে আরো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, ওইদিনই মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।”
