Published : 03 Jun 2026, 09:20 PM
রাজশাহী নগরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে এক বছরে প্রায় আড়াই লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে সিটি করপোরেশন।
বুধবার দুপুরে নগরের চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ রোপণের সময় এ কথা বলেন সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
‘বৃক্ষরোপণ-২০২৬’ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিটন। বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং নগরবাসীর সহযোগিতায় উদ্যোগটি সফল করা হবে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যথাযথ পরিচর্যা করুন। আসুন সবাই মিলে রাজশাহী মহানগরীকে আরও সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি।”
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আসনার উদ্দিন, রেজিস্ট্রার মো. আজিবার রহমান, রাসিক সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালাইমারী থেকে কাটখালী সিটি করপোরেশনের শেষ সীমানা, আমচত্বর থেকে নওহাটা ব্রিজ, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালুর মোড় থেকে কাঁঠালবাড়িয়া-কাশিয়াডাঙ্গা, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচণ্ডি ফ্লাইওভার থেকে দায়রাপার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটি হাট, জেলখানা থেকে পুলিশ লাইন এবং বিসিক ম্যাচ ফ্যাক্টরি থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ করা হবে।
পাশাপাশি নগরের এক থেকে ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা এ কর্মসূচির আওতায় থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।