২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: সিরাজগঞ্জে ৬ মামলায় আসামি সহস্রাধিক

গত আট দিনে বিএনপি-জামায়াতের ১৫৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 04:43 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সিরাজগঞ্জের তিনটি থানায় নাশকতা ও সহিংসতার অভিযোগে ছয়টি মামলা হয়েছে। এতে ১৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ এক হাজার ১১৫ জনকে আসামি করা হয়েছে। 

এ সময় মামলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মী ছাড়াও আন্দোলনকারী শিক্ষার্থীদেরও আসামি করা হয়েছে। 

সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পুলিশের কাজে বাধা প্রদান, পুলিশ ফাঁড়িতে হামলা ও হাতবোমা বিস্ফোরণ এবং সেতু ভাঙচুর ও রাস্তা অবরোধের অভিযোগে সদর থানায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে।

ওসি বলেন, ১৭ জুলাই সদর থানার এসআই সোহাগ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ৭০ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি করেন। ১৯ জুলাই এসআই মুস্তাকিন বাদী হয়ে শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ ৯০ জনকে আসামি করে মামলা করেন। 

তিনি বলেন, ২০ জুলাই পুলিশের ওপর হামলার অভিযোগে এসআই দানিউল বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেন। এছাড়াও ২৩ জুলাই বহুলী ইউনিয়নের মাহবুবুর রহমান মুক্তা নামে এক ব্যক্তি বাদী হয়ে তার ওপর হামলা এবং বেইলি ব্রিজ ভাঙচুর ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধের অভিযোগে চতুর্থ মামলাটি করেন। 

সিরাজুল ইসলাম বলেন, এ মামলায় ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩৫ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এসব মামলায় বৃহস্পতিবার পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকায় অবরোধ করে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে এসআই আলমগীর বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম বলেন, ১৮ জুলাই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় অবরোধ করে সহিংসতার অভিযোগে এসআই রমেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এসব মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের ছয়টি মামলা ছাড়াও বিভিন্ন সময়ে দায়ের হওয়া নাশতকতার মামলায় জেলাব্যাপী অভিযান চালিয়ে গত আট দিনে বিএনপি-জামায়াতের ১৫৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।