মেহেরপুরে জমির বিরোধে ভাইয়ের হাতে বোন-ভাবি খুন
এ ঘটনায় ভাই ও আরেক বোন আহত হয়েছেন।
মেহেরপুরের গাংনীতে জমির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাবি খুনের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামে এ ঘটনা ঘটে বলে গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম জানান।
নিহতরা হলেন, ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে জোসনা খাতুন এবং আজিজের ছেলে জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া খাতুন।
জাকিয়া গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
এ ঘটনায় জাহিদ ও তার আরেক বোন শামিমা খাতুন আহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি তাজুল ইসলাম বলেন, মহিবুল ইসলাম ওহিদ ও তার মেজ ভাই জাহিদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল।
শনিবার বাড়ির পাশে পৈত্রিক পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
তখন ওহিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে এগিয়ে আসেন বোন-ভাবি।
এতে উত্তেজিত হয়ে ওহিদ ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে বোন শামিমা ও ভাবি জাকিয়া খাতুনকে কোপালে ঘটনাস্থলেই তারা মারা যান।
পরে পুলিশ মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে মহিবুল ইসলাম ওহিদকে গ্রেপ্তার করে।
নিহত জাকিয়া খাতুনের ভাই মেজবাহুর রহমান তোহা বোনকে কুপিয়ে হত্যা করায় মহিবুল ইসলাম ওহিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।
তিনি বলেন, এ ঘটনায় ওহিদুলকে আসামি করে হত্যা মামলা করবে তার পরিবার।
জাকিয়া খাতুনের বোন ডালিয়া খাতুন বলেন, জমিজমা নিয়ে ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বের কারণে ওরা গাংনী শহরে বসবাস করত। গ্রামে খুবই কম যেত। গেলেই ঝগড়া-বিবাদ লাগত।
গ্রামবাসী ফারুক আহমেদ বলেন, “ওহিদ বেকার ছিল। কখনো স্কুলে, কখনো এনজিওতে চাকরি করেছে। কিন্তু কোনো চাকরিই বেশিদিন টিকেনি। বেকার হওয়ায় জমি বিক্রি করত আর সেটা নিয়ে বাড়িতে হট্টোগোল হত।”
