Published : 18 Jan 2026, 03:07 PM
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজ এক স্কুলছাত্রীর মরদেহ বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রোববার জন্তিহার ও পার্শ্ববর্তী বিল নলুয়া গ্রাম সংলগ্ন বিল থেকে লাশটি পুলিশ উদ্ধার করে বলে ফরিদপুর থানার ওসি মো. শামীম আকনজি জানিয়েছেন।
মৃত ১৩ বছর বয়সী সুরাইয়া খাতুন ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী ইউনিয়নের পাঁচ জন্তিহার গ্রামের মো. স্বপন খানের মেয়ে।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এ শিক্ষার্থী গত ১৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, সুরাইয়া গত ১৩ জানুয়ারি বিকালে বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য বের হওয়ার পয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
সুরাইয়ার দাদা আব্দুল জব্বার খান ১৬ জানুয়ারি ফরিদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রোববার সকালে এলাকাবাসী বিলের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়।
ওসি শামীম আকনজি বলেন, “নিখোঁজের পাঁচদিন পর স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।”