২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জে

দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে একটি শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে; পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদিবাসী নৃত্য ও সমাবেশে অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

Published : 26 Jul 2022, 09:06 PM

Updated : 26 Jul 2022, 09:06 PM

সাঁওতাল নারী দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন আনন্দ শোভাযাত্রা করেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় সাঁওতাল সম্প্রদায়ের একদল নারী-পুরুষ বর্ণিল সাজে সেজে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে শোভাযাত্রা বের করেন।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদিবাসী নৃত্য ও সমাবেশে অংশ নেয়।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এই কর্মসূচির আয়োজন করেছে।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি কর্ণেলিউস মুর্মুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রভাত টুডুসহ রুমালী হাসদা, কুটিলা রাজোয়াড় প্রমুখ।

সমাবেশে বক্তারা দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে আদিবাসী সম্প্রদায় বাংলাদেশ সরকারের প্রতি ৫ দফা দাবি জানান।

তাদের দাবিগুলো হলো: ভারতের নতুন রাষ্ট্রপতিকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং সাঁওতালসহ অন্যান্য ‘আদিবাসী’ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ; আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি; সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন; সমতলের আদিবাসীদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় সংসদে প্রতিনিধি নির্বাচন এবং সংখ্যালঘু কমিশন গঠন করা।

বিজেপির পছন্দের প্রার্থী দ্রৌপদীই প্রথম কোনো আদিবাসী নারী যিনি ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন। এছাড়া তিনি ভারতের দ্বিতীয় নারী রাষ্ট্রপতি।

ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হয়েছে ২৪ জুলাই। এর পরেই দ্রৌপদী ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

সাবেক শিক্ষক ৬৪ বছর বয়সের দ্রৌপদী ওড়িশার মেয়ে। গত কয়েক দশক ধরে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য কাজ করে যাচ্ছেন। ঝাড়খণ্ডের প্রাদেশিক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।