২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ১০ বছরের দণ্ড

২০২১ সালের ১২ এপ্রিল দশম শ্রেণির ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে ও চুল ধরে দেবাছড়া ছড়ার দিকে নিয়ে যায়

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 04:58 PM

Updated : 27 Oct 2022, 04:58 PM

রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মামলায় এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের বিচারক এ. ই. এম ইসমাইল হোসেন এ দণ্ড দিয়েছেন। এ সময় আসামি শরৎ তনচংগ্যা আদালতে উপস্থিত ছিলো বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. রফিকুল ইসলাম।

একইসাথে আসামিকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

পিপি মো. রফিকুল জানান, রায়ে আগামী ৯০ দিনের মধ্যে আসামিকে জরিমানার অর্থ বিধি মোতাবেক জমা দিতে নির্দেশ প্রদান করেন। পরিশোধিত জরিমানার অর্থ ভিকটিমের পিতা-মাতা ও সন্তানের প্রতি আসামির কৃত ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবে।

যদি নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে রাঙামাটি জেলা প্রশাসক নারী ও শিশু নির্যাতন দমন আইনের অনুসরণে শরৎ তনচংগ্যার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করে বিক্রয়লদ্ধ অর্থ ট্রাইব্যুনালে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয় রায়ে।

মামলার এজাহারের বরাতে পিপি রফিকুল বলেন, ২০২১ সালের ১২ এপ্রিল সকাল ১১টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক স্কুলছাত্রীকে পিছন থেকে জাপটে ধরে শরৎ তনচংগ্যা। আসামি দশম শ্রেণির ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে ও চুল ধরে দেবাছড়া ছড়ার দিকে নিয়ে যায়।

এসময় ধর্ষণের চেষ্টা চালালে ভিকটিম চিৎকার করেন। তাতে কয়েকজন এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। এ ঘটনার পরদিন ১৩ এপ্রিল ভিকটিমের বাবা কাপ্তাই থানায় মামলা করেন।

আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামিকে কারাদণ্ড ও জরিমানা দণ্ড দেন বিচারক।

পিপি মো. রফিকুল বলেন, ট্রাইব্যুনাল হওয়াতে দ্রুত রায় হচ্ছে। এতে এই ধরনের অপরাধ কমে আসবে বলে আশা করেন তিনি।