২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সার মজুতে ডিলারের জেল-জরিমানা

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ সার কৃষকদের কাছে বিক্রি করার কথা থাকলেও ডিলার আবু জাফর তা করেননি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 12:28 AM

Updated : 24 Aug 2022, 12:28 AM

ঝিনাইদহে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ডিলারকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত আবু জাফর মুন্সি সদর উপজেলার ফুরসুন্দি ইউনিয়নের বাসিন্দা এবং বিসিআইসির ডিলার।

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিহাদুল করিম বলেন, সদর উপজেলার ধনঞ্জয়পুর বাজারের একটি গুদামে বিপুল পরিমাণ এমওপি সার মওজুদ রাখার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

“এ সময় আলমগীর হোসেন নামের এক ব্যক্তির গুদামে পাঁচ মেট্রিক টন এমওপি সার পাওয়া যায়। ওই সার ডিলার জাফর মুন্সি রেখেছিলেন।”

তিনি আরও জানান, এ সার কৃষকদের কাছে গত মাসেই বিক্রি করার কথা থাকলেও রাসেল এন্টারপ্রাইজের মালিক মো. আবু জাফর তা করেননি।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমি বলেন, তার গুদামে ৩২০ বস্তা (১৬ মেট্রিক টন) ইউরিয়া সার পাওয়া যায়; যার কোনো রেজিস্টার ও বিক্রয় রশিদ ডিলার দেখাতে পারেননি।

একই সঙ্গে ডিলারের ম্যানেজার আব্দুর রহিমকেও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান।

দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে।