সিরাজগঞ্জে আওয়ামী লীগের ১০০ নেতাকর্মী বিএনপিতে
পূর্ণিমাগাঁতী ইউনিয়নের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
পূর্ণিমাগাঁতী ইউনিয়নের নেতাকর্মীরা বুধবার দুপুরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বাসভবনে গিয়ে বিএনপিতে যোগদান করেন।
এ সময় এম. আকবর আলী তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানে নেতৃত্ব দেওয়া পূর্ণিমাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, “সমসাময়িক প্রেক্ষাপটে মনে হয়, বিএনপি দেশের জন্য ভাল কিছু করবে। তাই ইউনিয়নের ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের ১০০ জনের মত নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি। যোগ দেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা নেই।”
এ বিষয়ে এম. আকবর আলী বলেন, “আওয়ামী লীগের নেতারা এখন পলাতক। তাই ওই দলের তূণমূলের নেতাকর্মীরা বিএনপির আদর্শ ও উল্লাপাড়া উপজেলার উন্নয়নে আমার ভূমিকার প্রতি সন্তোষ্ট হয়ে বিএনপিতে যোগদান করেছেন। যোগদানকারীদের পূর্ণিমাগাতি ইউনিয়নের নয়টি ওয়ার্ড ও প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানিয়েছি। বিশ্বাস করি, তারা আমার পাশে থাকবেন।”
