নাটোরে দুর্ঘটনায় পড়া প্রাইভেট কারে মিলল ৬০ কেজি গাঁজা
পৃথক অভিযানে চুরি হওয়া ৩০ লাখ টাকার সার্জিকেল মেশিনারিসহ গ্রেপ্তার করা হয়েছে পাঁচ যুবককে।
নাটোরে দুর্ঘটনায় পড়া প্রাইভেট কার থেকে ৬০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে চুরি হওয়া ৩০ লাখ টাকার সার্জিকেল মেশিনারিসহ গ্রেপ্তার করা হয়েছে পাঁচ যুবককে।
শুক্রবার রাতে নাটোরের তেবাবাড়িয়ার রেলক্রিসিং এলাকা ও রাজশাহীর পুঠিয়ার কাঁঠালবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার বেলা ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে জানান নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন।
মারুফাত হোসেন বলেন, শুক্রবার রাতে নাটোরের বনবেলঘড়িয়ায় এলাকায় তল্লাশির সময় রাজশাহী থেকে আসা একটি প্রাইভেট কার পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে তেবাড়িয়া বাজারের দিকে চলে যায়।
একটু পরেই পুলিশ রেডিওতে জানতে পারে গাড়িটি তেবাড়িয়া এলাকায় দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে গেছে। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গাড়িতে থাকা মো. আবু বক্করকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
আবু বক্কর (২২) চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম চাম্বল মুন্সিখিল মৌলভিবাড়ি এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।
এ সময় গাড়িটির ব্যাক ডালা থেকে স্কচটেপে মোড়ানো দুই কেজি ওজনের ৩০টি পোটলায় ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে সেগুলোসহ সাদা রংয়ের প্রাইভেট কারটি, একটি ব্যাগ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা করে আবু বক্করকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাইভেটকার থেকে কৌঁশলে পালিয়ে যাওয়া আরও দুজনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মারুফাত আরও জানান, পৃথক অভিযানে নাটোরে চলন্ত মিনি ট্রাক থেকে চুরি হওয়া সরকারি চিকিৎসা সরঞ্জামসহ পাঁচ জনকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন, রাজশাহীর পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকার মো. আব্দুর সবুরের ছেলে হোসাইন মোহাম্মদ সাব্বির (৩০), বাইরপাড়া এলাকার প্রয়াত তছির উদ্দিন মণ্ডলের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৬), নতুন গাওপাড়া ঢালান এলাকার মো. আসাদুল মিস্ত্রী ছেলে মো. মেহেদী হাসান (২৩), একই এলাকার প্রয়াত সাইফুলের ছেলে মো. রুহুল আমিন (৩১) এবং নাটোরের পশ্চিম মাটিয়াপাড়া এলাকার মো. আ. লতিফের ছেলে মো. কাওসার আলী ওরফে কালু (২৫)।
তাদের কাছ থেকে উদ্ধার করা সার্জিকেল মেশিনারির মধ্যে আছে- একটি মেই পাওয়া কর্ড, একটি আর্থিন কর্ড, একটি ফুট সুইচ, বাইপোলার কর্ডসহ ফরসেফ একটি, একটি মনোপোলার কর্ড, ইউনিপোলার হ্যান্ড সুইচ নিডল ১২টি, এবং ডিসপোজেবল আর্থ প্যাড ৩০টি। যেগুলোর বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৯০ হাজার টাকা।
এছাড়া জব্দ করা হয় দুইটি মোটরসাইকেল।
পুলিশ সুপার মারুফাত বলেন, রাজশাহীর রাজপাড়া এলাকার বাসিন্দা মো. মোসাদ্দেক হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট।
মঙ্গলবার রাতে তিনি ঢাকা থেকে মিনি ট্রাকে হাসপাতালের জন্য সরকারি বরাদ্দের সার্জিক্যাল মেশিন নিয়ে রাজশাহী ফিরছিলেন। পথে নাটোরের চাঁদপুর এলাকায় পৌছালে শব্দ শুনে দেখেন মোটরসাইকেল থাকা অজ্ঞাত চোরেরা চলন্ত ট্রাকের পেছন থেকে দুটি কার্টুন চুরি করছে।
এ ঘটনায় নাটোর সদর থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন মোসাদ্দেক হোসেন। পরে পুলিশ অভিযান চালিয়ে পুঠিয়া থেকে পাঁচজনকে গ্রেপ্তার এবং সার্জিক্যাল মেশিনারি জব্দ করে।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসামিরা নাটোর শহরসহ আশেপাশের থানা ও জেলা শহরে মোটরসাইকেল নিয়ে সংঘবদ্ধভাবে অভিনব কায়দায় চলন্ত ট্রাক, পিকআপে চুরি করে থাকে।
