২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে তিন চাকার বাহনে লাগবে না টোল

টোল মুক্তির দাবিতে সকালে সেতু এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 12:41 AM

Updated : 10 Sep 2026, 12:16 PM

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে তিন চাকার বাহনে টোল আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

রিকশা, ভ্যান, ইজিবাইক ও অটোরিকশা শ্রমিকদের আন্দোলনের মুখে মঙ্গলবার দুপুরে এ ঘোষণা দেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আতা-ই-রাব্বি চৌধুরী।

টোল মুক্তির দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে সেতু এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ের যাত্রীরা।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যান। পরে সেতুর টোল আদায়কারী কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং আন্দোলনরতদের সঙ্গে কথা বলে টোল আদায় বন্ধের ঘোষণা দেন ক্যাপ্টেন আতা-ই-রাব্বি।

তিনি বলেন, “এখন থেকে তিন চাকার বাহন রিকশা, ভ্যান, ইজিবাইক ও অটোরিকশা চালকদের টোল দিতে হবে না। পরবর্তীতে সরকারি কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে।”

তবে অন্য যানবাহন পারাপারে টোল আদায় স্বাভাবিক থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

এ ঘোষণার পর আন্দোলনকারীরা রাস্তা থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ অটোরিকশার সভাপতি মেজবাউল, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সিএনজি ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মেজবাউল হক ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে ছাত্র-জনতার দাবির মুখে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে টোল আদায় সাময়িক বন্ধ রাখা হয়। যা সপ্তাহ খানেক আগে আবার শুরু হয়।