২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিন কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাতে সদর দক্ষিণ উপজেলা লালবাগ এলাকায় এবং সকালে চান্দিনা এলাকার দুর্ঘটনা দুটো ঘটে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2025, 10:56 PM

Updated : 26 Aug 2026, 12:24 PM

কুমিল্লায় ঈদের দিন পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। 

সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলা লালবাগ এলাকায় গাড়ির ধাক্কায় সিয়াম নামে ২০ বছরের এক যুবকের মৃত্যু হয়।

এর আগে সকালে চান্দিনা এলাকার কাঠের পুলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম নামে ৩৫ বছর বয়সী এক যুবক প্রাণ হারান। 

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানা ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ মরদেহ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলগুলো উদ্ধার করেছে।  

সদর দক্ষিণ এলাকায় নিহত সিয়াম মুরাদনগর উপজেলার মিজানুর রহমানের ছেলে। আর সাইফুল ইসলাম ভোলা জেলার চরফ্যাশনের উত্তর চর মাদ্রাজের আবেদ আলীর সন্তান। 

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ওসি শাহাবুদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ এলাকার লালবাগ রাস্তার মাথায় একটি দ্রুতগামী গাড়ি সিয়ামের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। 

“এ সময় মোটরসাইকেলের এক আরোহী বেঁচে গেলও সিয়াম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সিয়ামের মরদহ উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।”  

ওসি বলেন, সিয়ামের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।” 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানান, ঈদের দিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খায়। তাতে মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। 

তার পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে বলে ওসি ইকবাল বাহার জানান।