জমির বিরোধে মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় কিশোর নিহত
বিরোধপূর্ণ জমিটি পরিমাপ করার সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
মাদারীপুরের ডাসার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
ডাসার থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শনিবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় ওই কিশোর হামলায় গুরুতর আহত হয়। রোববার সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে সে মারা গেছে।
নিহত মারুফ সরদার (১৪) ওই এলাকার নূর ইসলাম সরদারের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, খাতিয়াল এলাকার নূর ইসলাম সরদারের সঙ্গে একই এলাকার মোফাজ্জেল সরদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিটি পরিমাপ করার সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মোফাজ্জেল সরদারের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নূর ইসলামের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় মারুফ সরদার, নূর ইসলাম ও তার স্ত্রী মাহিনুর বেগম, আত্মীয় হাসনেয়ারা বেগম, পাপিয়া আক্তার, সুফিয়া আক্তার গুরুতর আহত হন।
আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারুফ সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে রামপুরার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই রোববার সকাল ৮টার দিকে সে মারা যায়।
সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা নুর ইসলাম বলেন, “মোফাজ্জেল ও তার লোকজন আমার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলল। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।”
নিহতের মা মাহিনুর বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার এত সুন্দর নিষ্পাপ ছেলেটাকে ওরা বাঁচতে দিল না। চোখের সামনে কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলল। এখন আমি পোলা ছাড়া ক্যামনে বাঁচব।”
ওসি তরিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব থেকেই এই সংঘাতের সৃষ্টি হয়েছে। মারুফের মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১২ জনের নাম দিয়ে মামলা করেছেন।
ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
