Published : 24 Mar 2026, 08:01 PM
বরিশালের তিন উপজেলা থেকে তিন গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গৌরনদী, বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, উপজেলায় উত্তর চাঁদচি এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিলকিস বেগম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি ওই এলাকার মাইনুল ইসলামের স্ত্রী।
ওসি বলেন, “সোমবার রাতে স্বামী মাইনুলের সঙ্গে তার ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, অভিমানে তিনি গলায় ফাঁস দেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে নিহতের স্বজনদের অভিযোগ, কয়েকদিন ধরে বিলকিসের ওপর নির্যাতন চালানো হচ্ছিল এবং তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।
যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন বিলকিসের শ্বশুর আলতাফ গাজী।
বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানা বলেন, সোমবার রাতে উপজেলার কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রাম থেকে সুমি আক্তার (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি ওই গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।
ওসি বলেন, “গলায় ফাঁস দিয়ে সুমি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান বলেন, উপজেলার আলিমাবাদ ইউনিয়নের স্বাধীন বাজার এলাকা থেকে সীমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি ওই এলাকার প্রবাসী তানজিল মিয়ার স্ত্রী। দুই সন্তান ও অসুস্থ শ্বশুর-শাশুড়িকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন।
পরিদর্শক বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।