২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, দুই মামলা

পুলিশ বলছে, অভিযানে মোট ২৬৮ থান কাপড় জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 10:00 AM

Updated : 16 Sep 2026, 12:57 PM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চোরাই প্যান্টের কাপড় জব্দের খবর জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ধারায় দুটি পৃথক মামলা করা হয়েছে।

রোববার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত নাগেশ্বরীর বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয় বলে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানিয়েছেন। 

তিনি বলেন, “গোপন খবরে দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলুর রহমানের বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকায় রিয়াজুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মোট ২৬৮ থান কাপড় জব্দ করা হয়।” 

জব্দ করা কাপড়ের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা বলে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানিয়েছেন।  

তিনি বলেছেন, “শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে এসব ভারতীয় কাপড় দেশে আনা হয়েছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ধারায় নির্দিষ্ট ও অজ্ঞাত পরিচয় কয়েকজন সীমান্ত চোরাকারবারির বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়েছে।”

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

কুড়িগ্রাম জেলার প্রতিটি থানায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানিয়েছেন।