Published : 07 Jun 2026, 09:00 PM
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান মারা গেছেন।
রোববার বিকালে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।
তিনি বলেন, আনিছুর রহমানের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিসের পাশাপাশি উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
রোববার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে, ভাইয়ের মৃত্যুর খবর শুনে তার বড় বোন রাশিদা খাতুন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান বলে জানান রবিন।
সোমবার সকাল ১১টায় শ্রীপুর পৌরসভার মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনিছুর রহমানের জানাজা হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের বাসিন্দা আনিছুর রহমান ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯১ সালে তিনি শ্রীপুর কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।
২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার পর তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। পরে টানা চার মেয়াদ মেয়রের দায়িত্ব পালন করেন।
এ ছাড়া গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ১৮ অগাস্ট স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের অন্যান্য পৌর মেয়রদের সঙ্গে তাকেও পদ থেকে অপসারণ করা হয়। এরপর থেকে তাকে জনসমক্ষে খুব কম দেখা যেত।